মিরসরাইয়ে কারখানায় দগ্ধ চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের একটি স্টিল কারখানায় ফার্নেসের ত্রুটি থেকে গলিত লোহা ছিটকে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় চীনা প্রকৌশলীসহ তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৮ সেপ্টেম্বরের ওই দুর্ঘটনায় আহত চারজনের মধ্যে তারা তিনজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে জুয়েল (৩৬) নামের আরও এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন—চীনা প্রকৌশলী জেংলিং হং (৫৩), শ্রমিক শরিফুল ইসলাম (২৭) ও মনির হোসেন (২৭)। চিকিৎসাধীন অবস্থায় গত ১ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিকসার্জারি ইনস্টিটিউটে মারা যান শরিফুল ইসলাম। একই দিন রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনির হোসেন। মনির হোসেনের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ গ্রামে। এছাড়া প্রকৌশলী জেংলিং হংও ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

কারখানা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর দুপুরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ফার্মিক স্টিল লিমিটেড কারখানায় ফার্নেসের ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে পড়ে চারজন গুরুতর দগ্ধ হন। ঘটনার পরপরই তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তিনজনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এদের মধ্যে শরিফুল ইসলাম ও চীনা প্রকৌশলী জেংলিং হংয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছিল।

এদিকে, দুর্ঘটনায় নিহত শ্রমিক শরিফুল ইসলামের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। তবে ক্ষতিপূরণের বিষয়টি এখনও চূড়ান্ত রূপ পায়নি। এ নিয়ে শনিবার সন্ধ্যায় জোরারগঞ্জ থানায় কারখানা কর্তৃপক্ষ ও নিহতের পরিবারের সদস্যদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা না হলেও পুলিশ এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।