নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর-হাজীর হাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল্লাহকে হেনস্তা ও তার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি পালিত হয়। শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ ও পার্শ্ববর্তী সড়কে দাঁড়িয়ে এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, গত ২৮ সেপ্টেম্বর ধর্মপুর-হাজীর হাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল্লাহর ওপর একদল যুবক হামলা চালায়। তারা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী সদর উপজেলার যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন মঞ্জু বলেন, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ থাকলে তার জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, কিন্তু তার ওপর হামলা ও নাজেহাল করা অত্যন্ত দুঃখজনক। তিনি ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে স্থানীয়রা প্রধান শিক্ষক মো. সাইফুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন। তাদের দাবি, বিগত সরকারের সময়ে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সখ্য গড়ে তুলেছিলেন এবং দলের পক্ষে কাজ করতেন। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আব্দুল হক ও আব্দুর রহিমসহ কয়েকজনের কাছ থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। এ ছাড়া করোনা মহামারির সময়ে বিদ্যালয়ের তিনজন শিক্ষকের বেতন থেকে প্রায় তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে যে, ২০২৫ সালের ৮ অক্টোবর থেকে প্রধান শিক্ষক মো. সাইফুল্লাহ বিদ্যালয়ে অনুপস্থিত। স্থানীয়দের দাবি, তিনি নিজ বাড়িতে বসেই দাপ্তরিক কাজ করছেন এবং বাহকের মাধ্যমে ফাইল আনা-নেওয়া করছেন, অথচ বাড়িতে থেকেই বেতন-ভাতাসহ সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করছেন। ভুক্তভোগী ও স্থানীয়রা এসব বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর অভিযোগ দিলেও কোনো তদন্ত হয়নি বলে দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মো. সাইফুল্লাহর বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। সুধারাম থানার ওসি নজরুল ইসলাম বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং অভিযুক্তদের খোঁজা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগগুলো তারা শুনেছেন এবং হামলার পেছনে কোনো আর্থিক লেনদেনের বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

