রাজধানীর বনানীতে অবস্থিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)-এর অফিসার্স কোয়ার্টার্স মাঠে অনুষ্ঠিত হলো ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫। এবারের প্রতিযোগিতায় মোট ৩২টি দল অংশ নেয়। শনিবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক ও বনানী পানি উন্নয়ন বোর্ড অফিসার্স ক্লাবের সাবেক সভাপতি মো. এনায়েত উল্লাহ। খেলায় রানার্স-আপ হিসেবে পুরস্কার গ্রহণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার বিশ্লেষক মফিজুর রহমান।
পুরস্কার গ্রহণের পর মফিজুর রহমান তার অনুভূতি প্রকাশ করে বলেন, এই পুরস্কার কেবল একটি ক্রেস্টের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে সুন্দর খেলাধুলার স্মৃতি, বন্ধুত্ব এবং প্রতিযোগিতার আনন্দ। তিনি আরও বলেন, বর্তমান সময়ে যুব সমাজকে মাদকসহ সব ধরনের অনৈতিক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও বিভিন্ন সংগঠনের সম্মিলিত উদ্যোগ একান্ত প্রয়োজন। এছাড়া বনানী এলাকায় বসবাসকারীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

