পরবর্তী রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপিসহ বিভিন্ন মহলের সম্ভাব্য প্রার্থীরা

মো. সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। সংসদ সচিবালয় ও ক্ষমতাসীন দল বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, সংসদের পরবর্তী অধিবেশন শুরু হলেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান এবং তিনি জাতীয় সংসদের সদস্যদের ভোটে নির্বাচিত হন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বর্তমানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান এবং নজরুল ইসলাম খানের নাম বেশ আলোচনায় রয়েছে। এছাড়া বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। পাশাপাশি শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী এবং বর্তমান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নামও সম্ভাব্য তালিকায় উঠে এসেছে।

দলীয় নীতিনির্ধারকদের মতে, প্রধানমন্ত্রী ও দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের ভিত্তিতেই রাষ্ট্রপতি পদে মনোনয়ন চূড়ান্ত করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে দলটির সিদ্ধান্তই চূড়ান্ত হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক বিবেচনার ওপরই শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করবে।

রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে এবং প্রধান নির্বাচন কমিশনার অথবা কমিশনের মনোনীত রিটার্নিং কর্মকর্তা পুরো নির্বাচন পরিচালনা করেন। সংসদ সদস্যরা সরাসরি প্রার্থী হতে পারবেন না, তবে তারা প্রার্থীর মনোনয়ন দিতে পারবেন। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশের পর যদি মাত্র একজন প্রার্থী থাকেন, তবে তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। একাধিক প্রার্থী থাকলে গোপন ব্যালটে ভোটগ্রহণের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংসদ অধিবেশন চলাকালে তফসিল ঘোষণা থেকে শুরু করে পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের।