গত ১১ই সেপ্টেম্বর দুপুরে রাজধানীর গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। গণ-অভ্যুত্থানের পর নিষিদ্ধ ঘোষিত দলটির এমন বড় জমায়েত ও গোয়েন্দা ব্যর্থতার মুখে গুলশান জোনের ডিসি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়। তবে এই ঘটনার পেছনে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যকার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের তথ্য অনুযায়ী, মিছিলের সময় গুলশানের রাস্তায় কোনো পুলিশ থাকবে না এবং পরিস্থিতি বেগতিক হলে পুলিশই তাদের ব্যাকআপ দেবে—এমন নিশ্চয়তা আগের দিন রাতেই নেতাকর্মীদের দেওয়া হয়েছিল।
ঘটনার দিন গুলশান-১ এর ৩ নম্বর সড়কের একটি গলিতে দুপুর পৌনে ১২টার দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন বলে জানিয়েছিলেন গুলশান থানার তৎকালীন ওসি মো. দাউদ হোসেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা ককটেল নিক্ষেপ করে, যার জবাবে পুলিশ দুটি রাবার বুলেট ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। তবে ফাঁস হওয়া তথ্য-উপাত্ত বলছে ভিন্ন কথা। এই মিছিলটি ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত। কোথায় জড়ো হতে হবে, কোন দিক দিয়ে মিছিল বের হবে এবং পরিস্থিতি খারাপ হলে কী করতে হবে—সবই আগে থেকে নির্ধারিত ছিল।
'এডুকেশন বিডি' নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ১০ই সেপ্টেম্বর সকাল ১১টা ৩৪ মিনিটে সাদিক নামে একজন লেখেন, "আমি সব ম্যানেজ করে নিবো। এখানে সবাই নেতা, ভয়ের কিছু নেই।" এরপর রাত ৮টা 4২ মিনিটে ইমরান নামে একজন লেখেন, "রাস্তা খালি থাকলেই হবে।" জবাবে অন্য একজন লেখেন "শেষ" এবং ইমরান লেখেন "হুমম"। একই সময়ে আরেকজন সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে রাত ৮টা ৫১ মিনিটে দলীয় কার্যালয় ও পতাকার ছবি পোস্ট করে গ্রুপে লেখা হয়, "ওয়েস্টিনের সামনে সবাই। সকাল ১১টা বরাবর। না থাকলে কমিটিতে নাই। দলের এই সময় সাহসীদের সামনে দরকার। বিজয় আমাদের সুনিশ্চিত।" এর জবাবে অনেকেই "জয়বাংলা" স্লোগান দেন।
সবচেয়ে চাঞ্চল্যকর বার্তাটি আসে রাত ১টা ৪০ মিনিটে। গ্রুপটিতে একজন লেখেন, "নামাজের আগে পুলিশ থাকবে না, ফাইনাল। অনাকাঙ্ক্ষিত সমস্যা হলে রোডের ভেতরে চলে যাবো। পুলিশ আমাদের ব্যাকআপ দিবে। কাউকে ফাঁসানো যাবে না। আমরা সবাই মুজিব সেনা।" এই বার্তায় সমর্থন জানিয়ে বাকিরা "ইনশাআল্লাহ" ও "জয়বাংলা" লেখেন। এই পরিকল্পনা অনুযায়ীই ১১ই সেপ্টেম্বর বেলা ১১টা ৪০ মিনিটের দিকে গুলশানে দুই থেকে তিনশত লোকের মিছিলটি বের হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভ্যন্তরীণ তথ্যও এই পরিকল্পনার সত্যতা নিশ্চিত করে। সাধারণত গুলশান-১ থেকে গুলশান এভিনিউ হয়ে পিংকসিটি ও নিকেতন পর্যন্ত তিনটি স্পটে অন্তত তিন থেকে চার ইউনিট পুলিশ মোতায়েন থাকার কথা থাকলেও সেদিন মাত্র একটি ইউনিট বাদে বাকি সব ইউনিটকে প্যারেডে পাঠানো হয়েছিল। পুরো গুলশান এলাকার দায়িত্বে থাকা একমাত্র ইউনিটটি সুবাস্তুর সামনে থাকায় মিছিলের স্থলে পৌঁছাতে তাদের সময় লাগে। এছাড়া সাদা পোশাকে নজরদারির দায়িত্বে থাকা একজন এসআই ডিউটি ফেলে নিজের বাসায় অবস্থান করছিলেন। ওই এসআইয়ের দাবি, তার ডিউটি ছিল নামাজকেন্দ্রিক, কিন্তু মিছিলটি তার আগেই সকালে হয়ে যাওয়ায় তার কিছু করার ছিল না।
এই বিষয়ে তৎকালীন ওসি মো. দাউদ হোসেন এবং গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদ কোনো মন্তব্য করতে রাজি হননি। বর্তমানে তাদের দুজনকে সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আক্তার হোসেন জানিয়েছেন, ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। উল্লেখ্য, এই ঘটনায় গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন বাদী হয়ে ১১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। এ পর্যন্ত প্রায় শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে, যাদের মধ্যে অন্তত ২৪ জনকে আদালত রিমান্ডে পাঠিয়েছেন।

