বিশ্ব এক নজিরবিহীন সন্ধিক্ষণে, বৈষম্য আকাশ ছুঁয়েছে: কৌশিক বসু

প্রখ্যাত অর্থনীতিবিদ এবং যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মানিত অধ্যাপক কৌশিক বসু বলেছেন, বিশ্ব বর্তমানে এমন এক সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে, যা আগে খুব কমই দেখা গেছে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘সৈয়দ হুমায়ুন কবীর স্মৃতি গবেষণা সম্মেলন ২০২৬’-এ ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মূল বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিশ্বব্যাংকের সাবেক এই প্রধান অর্থনীতিবিদ বর্তমান বৈশ্বিক পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করেছেন।

অধ্যাপক কৌশিক বসু বলেন, বর্তমানে সমাজে বৈষম্য আকাশ ছুঁতে যাচ্ছে এবং এটি অগ্রহণযোগ্য মাত্রায় পৌঁছেছে। তিনি ব্যাখ্যা করেন, সমাজের অতি ক্ষুদ্র একটি অংশের হাতে বিপুল সম্পদ ও আয় কুক্ষিগত হয়ে আছে। এই অর্থনৈতিক বৈষম্য এখন কেবল সম্পদ বা ভোগবিলাসের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং তা মানুষের কণ্ঠস্বরের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। ধনকুবেররা এখন সংবাদপত্র, টেলিভিশন বা সামাজিক যোগাযোগমাধ্যমের মতো মতপ্রকাশের মাধ্যমগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছেন, যা গণতন্ত্রের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রযুক্তির প্রভাবে প্রচলিত শ্রমের চাহিদা কমে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশে, যেখানে জনসংখ্যার একটি বিশাল অংশ শ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করে, সেখানে এই পরিবর্তন উদ্বেগের সৃষ্টি করছে। তিনি উল্লেখ করেন যে, জিডিপির একটি বড় অংশ এখন মুনাফা ও মেধাস্বত্ব থেকে আসছে, ফলে শ্রমিকদের প্রাপ্য অংশ সংকুচিত হচ্ছে।

বর্তমান সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে তিনি জ্ঞান, নৈতিক চিন্তা, সামাজিক উদ্যোগ, গবেষণা এবং সক্রিয়তাকে আলোচনার টেবিলে নিয়ে আসার আহ্বান জানান। ১৭৫০ থেকে ১৮৫০ সালের শিল্পবিপ্লবের সময়ের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সেই সময় শক্তিশালী চিন্তা ও সামাজিক আন্দোলনের সম্মিলিত শক্তিই বিশ্বকে সংকট থেকে উত্তরণে সাহায্য করেছিল। আজকের চ্যালেঞ্জ মোকাবিলাতেও একাডেমিক গবেষণার বড় ভূমিকা রয়েছে বলে তিনি মত প্রকাশ করেন।

‘ন্যায্যতা, সক্ষমতা ও জীবনকুশলতা’ শিরোনামের এই সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে বাঙলার পাঠশালা ফাউন্ডেশন ও সাজেদা ফাউন্ডেশন। সম্মেলনে সভাপতিত্ব করেন অধ্যাপক রেহমান সোবহান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাঙলার পাঠশালা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ জাভেদ চৌধুরী এবং সূচনা বক্তব্য দেন সাজেদা ফাউন্ডেশনের চেয়ারপারসন ফারুক সোবহান ও জ্যেষ্ঠ গবেষণা উপদেষ্টা সাজেদা আমিন।