নেক আমলের মাধ্যমে দুনিয়ায় যে ৫ পুরস্কার পাওয়া যায়

ইসলামে ঈমান ও নেক আমলের গুরুত্ব সবচেয়ে বেশি। এই আমলের মাধ্যমে মুমিন শুধু পরকালীন মুক্তিই লাভ করেন না, বরং মহান আল্লাহ দুনিয়ার জীবনেও তাদের অসংখ্য পুরস্কার ও কল্যাণ দান করেন। পবিত্র কোরআন ও হাদিসে বিষয়টি বারবার গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। নেক আমলকারীদের জন্য দুনিয়াতে প্রাপ্ত এমন পাঁচটি প্রধান পুরস্কারের বর্ণনা নিচে দেওয়া হলো।

প্রথমত, নেক আমলকারীদের জন্য সুখী ও স্বাচ্ছন্দ্যময় জীবনের নিশ্চয়তা রয়েছে। আল্লাহতায়ালা পবিত্র কোরআনের সুরা নাহলের ৯৭ নম্বর আয়াতে ঘোষণা করেছেন, মোমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে, তাকে তিনি নিশ্চয়ই আনন্দময় জীবন দান করবেন এবং তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করবেন।

দ্বিতীয়ত, নেক আমলের মাধ্যমে জীবনে বরকত ও প্রাচুর্য আসে। অতীতে অনেক সম্প্রদায়কে তাদের নেক আমলের বদৌলতে বরকতের দরজা খুলে দেওয়া হয়েছিল। সুরা সাফফাতের ১৪৭-১৪৮ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে, নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি ঈমান আনার পর আল্লাহ তাদের কিছু কালের জন্য জীবনোপভোগ করার সুযোগ দিয়েছিলেন।

তৃতীয়ত, আল্লাহর সাহায্য ও বিজয় লাভ। যারা ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়া, ন্যায় ও সত্যের পথে চলা এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় কাজ করেন, তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। সুরা মুহাম্মাদের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, তবে তিনিও তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের অবস্থান দৃঢ় করবেন।

চতুর্থত, মানুষের ভালোবাসা অর্জন। নেক আমলের ফলে আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক তৈরি হয়, যা পৃথিবীতে তার সম্মান ও খ্যাতি বাড়িয়ে দেয়। সুরা মরিয়মের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং নেক আমল করে, আল্লাহ তাদের জন্য মানুষের অন্তরে ভালোবাসা তৈরি করে দেন।

পঞ্চমত, পার্থিব ক্ষমতার প্রতিশ্রুতি। নেক আমলের অন্যতম পুরস্কার হলো দুনিয়ায় ক্ষমতা অর্জন। আল্লাহ সুরা নুরের ৪৫৫ নম্বর আয়াতে প্রতিশ্রুতি দিয়েছেন যে, তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং নেক আমল করে, তিনি তাদেরকে দুনিয়ায় ক্ষমতা প্রদান করবেন।