আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে ৯৬ ডলারে

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৯৩ ডলার বা ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ ডলারে পৌঁছেছে। গত ৮ জুনের পর এটিই তেলের সর্বোচ্চ দাম। এর আগে লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৩ ডলারের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক শূন্য ৭ ডলারে উঠেছিল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও বেড়েছে। ডব্লিউটিআই ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৪ ডলার বা ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৮৮ দশমিক ২৭ ডলারে লেনদেন হচ্ছে। এর আগে একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।