ছয় দফা পূরণ না হলে এক দফার আন্দোলনের হুমকি ১১ দলের

চট্টগ্রামের লালদীঘি মাঠে ১১ দলের এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সরকার পতনের এক দফার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, তারেক রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে যারা ভাইদের খুন করেছে তাদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে। ছয় দফা দাবি উত্থাপন করে তিনি উল্লেখ করেন, এই দাবি পূরণ না হলে ২৪-এর গণঅভ্যুত্থানের মতো এবারও এক দফার আন্দোলনে যেতে বাধ্য হবে জোট।

সমাবেশে এনসিপি নেতা আসিফ মাহমুদ ভূঁইয়া বর্তমান সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান দিতে না পারলে ১১ দলের কাছে দায়িত্ব ছেড়ে দেওয়া হোক। জামায়াতের নায়েবে আমির শামসুল ইসলাম সরকারের সমালোচনা করে বলেন, নারী কার্ড ও কৃষক কার্ডের মতো বিষয় নিয়ে ব্যস্ত না থেকে সাধারণ মানুষের দুর্দশার দিকে নজর দেওয়া উচিত, অন্যথায় জনগণ সরকারকে লাল কার্ড দেখাবে।

সমাবেশ চলাকালীন গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন সমস্যা নিয়ে আয়োজিত লংমার্চকে কেন্দ্র করে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটি নাটক মঞ্চস্থ করা হয়। এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন হামিদুর রহমান আজাদ, মজিবুর রহমান মঞ্জু, মুসা বিন ইজহার, হাসিনুর রহমান, মাওলানা মোহাম্মদ শাহজাহান, শাহজাহান চৌধুরী এমপি, মাওলানা জহিরুল ইসলাম এমপি, অধ্যাপক ওমর ফারুক, নজরুল ইসলাম এবং ইব্রাহিম হোসেন রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম লালদিঘী মাঠে ১১ দলের সমাবেশে তিনি এসব কথা বলেন।