ফ্রান্স সফর করছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। দুই দিনের এই রাষ্ট্রীয় সফরে তাকে স্বাগত জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। প্যারিসে আয়োজিত ইস্পোর্টস বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়ার মধ্য দিয়ে এই সফরের সূচনা হয়েছে। উল্লেখ্য, সৌদি আরবের বাইরে প্রথমবারের মতো ভিডিও গেম ও দাবাভিত্তিক আন্তর্জাতিক এই প্রতিযোগিতার আসর অনুষ্ঠিত হলো।
সোমবার দুই শীর্ষ নেতা আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন এবং একটি বিজনেস ফোরামে অংশ নেবেন। আলোচনার মূল এজেন্ডার মধ্যে রয়েছে হরমুজ প্রণালির বর্তমান অচলাবস্থা এড়িয়ে বিকল্প পাইপলাইন স্থাপন, নতুন জ্বালানি রুট তৈরি এবং বন্দর নেটওয়ার্ক সম্প্রসারণ। এছাড়াও গাজা উপত্যকা, লেবানন ও সিরিয়ার সংঘাত নিরসন এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল বনাম ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে দুই নেতা বিস্তারিত আলোচনা করবেন বলে জানা গেছে। সফরকালে স্বাস্থ্য, পরিবহন ও জ্বালানি খাতে দুই দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তি বা মক্কা চুক্তির পর এটিই যুবরাজ সালমানের প্রথম বিদেশ সফর। মূলত ওয়াশিংটনের ওপর একক নিরাপত্তা নির্ভরতা কমিয়ে ইউরোপসহ অন্যান্য বৈশ্বিক শক্তির সঙ্গে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক সুদৃঢ় করাই এই সফরের প্রধান লক্ষ্য। এর পাশাপাশি ২০৩০ সালের ওয়ার্ল্ড এক্সপো এবং ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিয়েও ফরাসি নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন সৌদি ক্রাউন প্রিন্স।

