বগুড়া বার নির্বাচনে আতাউর-ওহাব প্যানেলের নিরঙ্কুশ জয়

বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত আতাউর রহমান-আব্দুল ওহাব প্যানেল। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের ১৫টি পদেই জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা।

গত শুক্রবার (২৭ নভেম্বর) বগুড়ার গওহর আলী বার ভবনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই নির্বাচনে মোট ৯৫৩ জন ভোটারের মধ্যে ৮৫৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনের চূড়ান্ত ফলাফলে সভাপতি পদে অ্যাডভোকেট মো. আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আব্দুল ওহাব নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহসভাপতি পদে অ্যাডভোকেট মো. রেজাউল বারী তারা ও অ্যাডভোকেট মো. রহমতুল বারী তালুকদার এবং যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট মো. ফারুক আহমেদ ও অ্যাডভোকেট আ. ন. ম. বজলুর রশীদ (শাহীদ) জয়ী হয়েছেন।

কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট মো. আশাবুজ্জামান আশিব, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট এ. কে. এম. আকিল আহম্মেদ মোমিন, সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল্লাহেল কাফী এবং ম্যাগাজিন ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মো. আল-আমিন (রাসেল)। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট মো. খায়রুল আলম, অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন, অ্যাডভোকেট সুলতানা খাতুন ও অ্যাডভোকেট মো. সেলিম রানা নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের পাশাপাশি বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল মনোনীত প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ১৫টি পদেই জয় নিশ্চিত করার মাধ্যমে আতাউর রহমান-আব্দুল ওহাব প্যানেল নির্বাচনে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে। ফলাফল ঘোষণার পরপরই বিজয়ী প্রার্থীদের সমর্থক ও সহকর্মী আইনজীবীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। নবনির্বাচিত নেতৃবৃন্দ আইনজীবীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, কল্যাণ এবং বার সমিতির সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।