টাঙ্গাইলে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় দুই কিশোর নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি বাসের চাপায় দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুই কিশোরের পরিচয় পাওয়া গেছে। তারা হলো- মির্জাপুর উপজেলার জামুর্কী গ্রামের ডালিমের ছেলে রুদ্র (১৪) এবং গাজীপুর জেলার সফিপুর নস্করচালার মৃত পঞ্চুর ছেলে ঝলক (১৫)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ওই দুই কিশোর জামুর্কী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

ঘটনার খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।